ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক খুলনায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বিবেচনায় নিয়ে রাতের বেলায় অভিযান কিংবা অন্য কোনো দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্য যাতে একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে হবে।
এ নির্দেশনার অনুলিপি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপারদের বিভিন্ন শাখা, সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস ও কোর্ট পুলিশসহ সংশ্লিষ্ট থানা ও দপ্তর রয়েছে।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। এ ঘটনার পর পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে হামলার শিকার হন ৪৩ বছর বয়সী পুলিশ পরিদর্শক শাহ আলম। ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত হওয়ার পর তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।
মন্তব্য করুন