নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি):: রাজনৈতিক দলবদলের এক অনন্য নজির সৃষ্টি করলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ সভাপতি আক্তার হোসেন মিলন মিয়া। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বিকল্পধারা বাংলাদেশ ঘুরে আওয়ামী লীগে থিতু হওয়া এই নেতা এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে।.
বুধবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অফিস কক্ষে জামায়াত নেতাদের উপস্থিতিতে সদস্য ফরম পূরণ করে তিনি দলে যোগ দেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যালয়ে অধ্যক্ষের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হওয়া এবং তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও তোলপাড়।.
স্থানীয় সূত্রে জানা যায়, আক্তার হোসেন মিলন এক সময় আ স ম আব্দুর রবের জেএসডি করতেন। পরবর্তীতে তিনি মেজর (অব.) আবদুল মান্নানের বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। সেখান থেকে ডিগবাজি দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন। দলটির টিকিটে তিনি ইউপি নির্বাচনেও অংশ নিয়েছিলেন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন মিলন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই তিনি প্রকাশ্যে এসে জামায়াতে যোগ দিলেন।.
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা হুমায়ুন কবির, বিশিষ্ট আলেম মাওলানা যায়েদ হোসাইন আল ফারুকী, হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন এবং ফজুমিয়ারহাট মাতাব্বর নগর দারুচ্ছুনাত আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেনসহ আরও অনেকে।.
জামায়াতে যোগদানের বিষয়ে আক্তার হোসেন মিলন বলেন, "আমি যখন আওয়ামী লীগে ছিলাম, তখন তারা আমাকে 'জামায়াত' ট্যাগ দিয়ে মাঠে দাঁড়াতে দেয়নি। এখন আমি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছি। সবার সহযোগিতা নিয়ে মানুষের জন্য কাজ করতে চাই।".
শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে জানতে চাইলে মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন দাবি করেন, "মাদরাসার অফিসে মূলত একটি দোয়ার অনুষ্ঠান চলছিল, যেখানে জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। হঠাৎ মিলন মিয়া সেখানে এসে জামায়াত নেতাদের উপস্থিতিতে দলে যোগদান করেন।".
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে এমন রাজনৈতিক অনুষ্ঠান ও দলবদলের ঘটনা নিয়ে সচেতন মহলে চলছে নানা আলোচনা ও সমালোচনার ঝড়।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: