নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি): লক্ষ্মীপুরের কমলনগরে শিক্ষার্থীদের গণিতচর্চায় উৎসাহিত করতে ও মেধা বিকাশের লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে ১ম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বুধবার কমলনগর উপজেলা প্রশাসন ও কমলনগর গণিত ও বিজ্ঞান সমিতির যৌথ উদ্যোগে তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।.
উপজেলার মোট ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুটি ক্যাটাগরিতে এ অলিম্পিয়াডে অংশ নেয়। এর মধ্যে জুনিয়র গ্রুপে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) প্রতি প্রতিষ্ঠান থেকে ৬ জন এবং সিনিয়র গ্রুপে (নবম ও দশম শ্রেণি) প্রতি প্রতিষ্ঠান থেকে ৪ জন করে শিক্ষার্থী প্রতিযোগিতায় লড়াই করে।.
সকাল ১০টায় শুরু হওয়া লিখিত পরীক্ষা শেষে বিকেলে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন (১ম) হওয়ার গৌরব অর্জন করে গ্লোবাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাইমুন ইসলাম দিহান। এ গ্রুপে ২য় স্থান অধিকার করে হাজির হাট সরকারি মিল্লাত একাডেমির তৃপর্ণা দাস এবং ৩য় স্থান লাভ করে গ্লোবাল স্কুল এন্ড কলেজের হাসিম আল মাহমুদ।.
অন্যদিকে, সিনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করে গ্লোবাল স্কুল এন্ড কলেজের আশরাফুল ইসলাম চৌধুরী। এই গ্রুপে ২য় স্থান অধিকার করে হাজির হাট সরকারি মিল্লাত একাডেমির আশাদুজ্জামান এবং ৩য় স্থান অর্জন করে নাজিয়া সুলতানা।.
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার রাহাতুজ্জামান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং গণিত ও বিজ্ঞানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে অভিনন্দন ও পুরস্কার তুলে দেওয়া হয়।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: