লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৩নং চরলরেঞ্চ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনস্বার্থে নির্মিত একটি গ্রামীণ সড়ক সংস্কারকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, আনোয়ার মিকার নামে স্থানীয় এক ব্যক্তির নিজস্ব উদ্যোগে নির্মিত এই সড়কটি সংস্কার করতে গেলে বাধা দেন মো. ইউনুস নামে এলাকার এক বাসিন্দা।.
দুর্ভোগ ও ঘটনার বিবরণ এলাকাবাসী সূত্রে জানা যায়, আনোয়ার মিকারের বাড়ির সামনের সড়কটি দীর্ঘদিন আগে তিনি নিজ উদ্যোগে জনসাধারণের যাতায়াতের জন্য নির্মাণ করেন। পথটি উত্তর পাশে ইউনুসের বাড়ির পাশ ঘেঁষে আঞ্চলিক ‘লক্ষ্মীপুর-রামগতি’ প্রধান সড়কের সাথে সংযুক্ত হয়েছে। বর্তমানে সড়কটি দিয়ে ওই এলাকার প্রায় ২০০ পরিবারের মানুষ প্রতিনিয়ত যাতায়াত করছেন।.
চলতি বর্ষা মৌসুমে অতিরিক্ত কাদার কারণে চরম ভোগান্তি সৃষ্টি হলে আনোয়ার মিকার নিজ খরচে ইট ও খোয়া এনে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেন। অভিযোগ উঠেছে, স্থানীয় বাসিন্দা ইউনুস এতে বাধা দেন এবং ইট-খোয়া রাস্তা থেকে তুলে বাইরে ফেলে দেন।.
এলাকাবাসীর প্রতিক্রিয়া সংস্কারকাজে বাধা ও গালমন্দের প্রতিবাদ জানাতে গেলে ইউনুস সাধারণ মানুষের ওপরও চড়াও হন এবং পথটি দিয়ে জনসাধারণের যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। সাবেক মেম্বার দুলাল ও আব্দুস সহিদসহ স্থানীয় অধিবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তাটি বন্ধ বা নষ্ট হলে দুই শতাধিক পরিবার পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়বে। তারা দ্রুত সড়কটি সংস্কারের উপযোগী পরিবেশ বজায় রাখতে ইউনুসের এহেন আচরণের সুষ্ঠু প্রতিকার দাবি করেছেন।.
অভিযুক্তের বক্তব্য অভিযোগের বিষয়ে মো. ইউনুস জানান, "আমরা আনোয়ার মিকারের কাছে ২ শতক জমি বিক্রি করেছি। এখানে রাস্তার মধ্যে আমাদের জমি বেশি রয়েছে। তাই সে যদি জমি মেপে সঠিকভাবে রাস্তা নির্মাণ করে, তবে এতে আমাদের কোনো আপত্তি নেই।".
বিষয়টি নিয়ে বর্তমান মেম্বার কাসেমের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ভুক্তভোগী পরিবারগুলো স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।.
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: