• ঢাকা
  • সোমবার, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আলমারিতে বিষাক্ত সাপ, পেঁয়াজ নিয়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৫ পিএম;
আলমারিতে বিষাক্ত সাপ, পেঁয়াজ নিয়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর
আলমারিতে বিষাক্ত সাপ, পেঁয়াজ নিয়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আক্তার (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহানাজ আক্তার ওই গ্রামের জায়েদ হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো রান্নার কাজ করছিলেন শাহানাজ। দুপুরে আলমারি থেকে পেঁয়াজ নিতে হাত দিলে ভেতরে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। পরে দুপুর আড়াইটার দিকে ২৫০ শয্যা বিমিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী জানান, বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় শাহানাজকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা চলাকালে বিকেলে তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনাটি স্বজনরা পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।.

.

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ