• ঢাকা
  • শনিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নোয়াখালীতে স্যাকমোর ভুল চিকিৎসায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০২ এএম;
নোয়াখালীতে স্যাকমোর ভুল চিকিৎসায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু
নোয়াখালীতে স্যাকমোর ভুল চিকিৎসায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর সদর উপজেলায় ভুল চিকিৎসায় হামে আক্রান্ত মাহিয়া আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে ইউনিয়ন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের (স্যাকমো) বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার করমুল্যা বাজারের ইউনিয়ন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের (স্যাকমো) মো.সিরাজ ইসলামের ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

নিহত মাহিয়া উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির মো. করিমের মেয়ে। অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) হিসেবে কর্মরত রয়েছেন।

নিহতের মামা মো. মুরাদ জানান, গত রোববার তার ভাগনি মাহিয়ার শরীরে হালকা জ্বর দেখা দিলে তার মা কামরুন নাহার শিশুটিকে করমূল্যা বাজারের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সিরাজ ইসলামের ফার্মেসিতে নিয়ে যান। পরে মঙ্গলবার মাহিয়ার মুখে ঘা দেখা দিলে সিরাজ তাকে পরীক্ষা করে হাম হয়েছে বলে জানান। একই সঙ্গে তিনি আরও কয়েকজন হাম আক্রান্ত শিশুর চিকিৎসা দিচ্ছেন বলেও পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন।

মুরাদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে মাহিয়ার মা পুনরায় শিশুটিকে ওই ফার্মেসিতে নিয়ে যান। এ সময় সিরাজ সেখানে উপস্থিত ছিলেন না। পরে তিনি মোবাইল ফোনে পাশের দোকানের এক ব্যক্তিকে মাহিয়ার শরীরে স্যালাইন পুশ করতে বলেন। স্যালাইন দেওয়ার পর মাহিয়ার মা শিশুটিকে নিয়ে বাড়ির পথে রওনা দেন। কিছু দূর যাওয়ার পর শিশুটির খিচুনি শুরু হয়। পরে তাকে মাইজদীর মাও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, একজন স্যকমোর হাম রোগের চিকিৎসা করার কোনো সুযোগ নেই। অথচ তিনি চিকিৎসা করেছেন। আমরা অভিযোগ করলে ময়নাতদন্ত হবে ভেবে প্রশাসনকে বিষয়টি জানাইনি।

অভিযুক্ত ইউনিয়ন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের (স্যাকমো) মো.সিরাজুল ইসলাম অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, শিশুর হামে আক্রান্ত বলে তার পরিবারকে জানিয়েছি। একই সাথে তাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য লিখে দিয়েছি। আজ তাকে নিয়ে আসলে আমি চেম্বারে ছিলাম না। চিকিৎসা দেওয়ার পর শিশুর অবস্থার অবনতি হয় বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

এ বিষয়ে নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনার হোসেন বলেন, পল্লী চিকিৎসক কোনোভাবেই হাম আক্রান্ত শিশুর চিকিৎসা করতে পারেন না। নিহতের পরিবার আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।.

.

ডে-নাইট-নিউজ /

স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগের জনপ্রিয় সংবাদ