• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফরমপূরণের টাকা ব্যাংকে জমা না দিয়ে লাপাত্তা কর্মচারী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩৩ পিএম;
ফরমপূরণের টাকা ব্যাংকে জমা না দিয়ে লাপাত্তা কর্মচারী
ফরমপূরণের টাকা ব্যাংকে জমা না দিয়ে লাপাত্তা কর্মচারী

ফুলবাড়ী সরকারি কলেজ
ফরমপূরণের টাকা ব্যাংকে জমা
না দিয়ে লাপাত্তা কর্মচারী
দুশ্চিন্তায় শিক্ষার্থী: সমস্যা না হওয়ার আশ^াস কলেজ কর্তৃপক্ষের
.


কলেজের পরিচিত মুখ। দীর্ঘদিন যাবৎ ইংরেজি ডিপার্টমেন্টের কর্মচারী হিসেবে আস্থা ও ভরসার জায়গা অর্জন করেছিলেন মাস্টাররোলে কর্মরত কর্মচারী আনোয়ার হোসেন। ২০২৫ সালের ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণের টাকাও দিয়েছিলেন ৯১ জন শিক্ষার্থী। টাকা নিয়ে বেড়িয়েছিলেন কলেজের ব্যাংক হিসেবে জমা দিতে। কিন্তু টাকা জমা না দিয়েই গত ৪ আগস্ট থেকে ২ লাখ ৯৬ হাজার টাকা নিয়ে লাপাত্তা ওই কর্মচারী। এতে উৎকণ্ঠা দেখা দিয়েছে ফরমপূরণকৃত শিক্ষার্থীদের মাঝে। .

 .


    ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে। ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন হওয়ায় পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের কেনো সমস্যা হবে না বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। 
এ ঘটনায় ফুলবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. শামীন আকতার গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই কর্মচারী আনোয়ার হোসেনের ছবি সম্বলিত একাধিক গ্রুপে পোস্টে দেখা যায়। যেখানে আনোয়ার হোসেনকে উপজেলার ৩ নং কাজীহাল ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে সুনিদ্রিষ্ট কোনো সত্যতা পাওয়া যায়নি। 
কলেজ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৯১ শিক্ষার্থীর ফরম পূরণের কার্যক্রম সম্প্রতি সম্পন্ন করা হয়। এ সময় ফরম পূরণ বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৪ হাজার ৯৩৯ টাকা করে মোট ৪ লাখ ৪৯ হাজার ৪৪৯ টাকা আদায় করা হয়। এর মধ্যে কলেজের পাওনা হিসেবে ১ লাখ ৫৩ হাজার ৪৪৯ টাকা পরিশোধ করা হলেও বাকি ২ লাখ ৯৬ হাজার টাকা কলেজের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বাকি অর্থ জমা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মচারীর কাছে জানতে চাওয়া হলে তিনি মৌখিকভাবে ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা জানান। কিন্তু পরবর্তীতে হিসাব-নিকাশ মিলিয়ে টাকা জমার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরই মধ্যে গত ৪ আগস্ট থেকে আনোয়ার হোসেন কলেজে আসা বন্ধ করে দেন। তিনি দায়িত্বও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেননি।
থানায় দেওয়া অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ইংরেজি বিভাগের কিছু গোপনীয় নথিপত্র, আবেদন ফরম ও রেজিস্টার খাতা ওই কর্মচারীর জিম্মায় রয়েছে। ফলে এসব গুরুত্বপূর্ণ নথি গোপন, নষ্ট বা অপব্যবহারের আশঙ্কাও রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এদিকে ফরম পূরণের টাকা নিয়ে অনিয়মের অভিযোগের বিষয়টি জানাজানি হওয়ার পর উৎকণ্ঠায় রয়েছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। পরীক্ষার্থী সুমাইয়া আক্তার, মেহেদী হাসান, সজিব বিশ^াস ও মিলন রায় বলেন, কর্মচারী আনোয়ার হোসেন কলেজের অতিপরিচিত মুখ। কলেজের ডিপার্টমেন্টে গেলেই সবকাজ তিনি করতেন। কর্মচারী টাকা নিয়ে উধাও হওয়ার বিষয়টি শুনে আমরা চিন্তিত। সামনে পরীক্ষা যদি ফরমপূরণ না হয়ে থাকে তবে পরীক্ষায় অংশ নিতে পারবো কিনা জানি না। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
অভিযোগের বিষয়ে কর্মচারী আনোয়ার হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ফুলবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কর্মচারী টাকা নিয়ে অনুপস্থিত থাকায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। তবে এ ঘটনায় শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। নিয়ম অনুযায়ী ৯১ শিক্ষার্থীর ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং তারা আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
তিনি আরও বলেন, ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের অর্থের মধ্যে ২ লাখ ৯৬ হাজার টাকা কলেজের হিসাবে জমা না দেওয়ার বিষয়টি সামনে আসার পর আনোয়ার হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 
 . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ