• ঢাকা
  • শনিবার, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে পুকুর থেকে ফুটপাত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১৯ এএম;
কমলনগরে পুকুর থেকে ফুটপাত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
কমলনগরে পুকুর থেকে ফুটপাত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি): লক্ষ্মীপুরের কমলনগরে একটি পুকুর থেকে আরিফ হোসেন (৩৫) নামে এক ফুটপাত ব্যবসায়ীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তোরাবগঞ্জ বাজার সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।.

 .

আরিফ হোসেন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লুতু মুনসী বাড়ির বাসিন্দা। তিনি হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মাওলানা আক্তার হোসেনের ছেলে। জীবিকা নির্বাহের জন্য তিনি তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে চকলেট ও চানাচুরের ভ্রাম্যমাণ দোকান পরিচালনা করতেন।.

 .

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে আরিফ তোরাবগঞ্জ বাজারে এসে একটি হোটেলে নাস্তা করেন। পরে সকাল ৯টার দিকে স্থানীয়রা পুকুরঘাটে তার পরনের লুঙ্গি, গেঞ্জি ও জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। একপর্যায়ে পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।.

নিহতের মামা সুলতান আহাম্মদ টিপু জানান, আরিফ দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন। তিনি বিবাহিত ছিলেন এবং দুই সন্তানের জনক।.

তিনি বলেন, “কী কারণে আরিফ পুকুরে গিয়েছিলেন তা আমরা জানি না। কেউ তাকে পানিতে ফেলে দিয়েছে কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। আমরা সুষ্ঠু তদন্ত ও ময়নাতদন্তের দাবি জানাচ্ছি।”.

স্থানীয় কয়েকজনের মতে, গোসল করতে নেমে হঠাৎ মৃগীরোগের খিঁচুনি উঠলে তিনি পানিতে ডুবে যেতে পারেন। তবে প্রকৃত মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।.

খবর পেয়ে কমলনগর থানার এসআই কাউছার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়।.

কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের আবেদন ও ঘটনাস্থলের পরিস্থিতি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”.

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ