লক্ষ্মীপুর প্রতিনিধি :পরিচ্ছন্নতা কর্মীদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে তাদেরকে জীবন বীমার আওতায় আনলো লক্ষ্মীপুর পৌরসভা। ১৫বছর মেয়াদী এক লক্ষ টাকার জীবন বীমার প্রথম কিস্তি পরিশোধ করেছে লক্ষ্মীপুর পৌরসভা। বাকি কিস্তির অর্ধেক পৌরসভা ও বাকি অর্ধেক পরিচ্ছন্নতাকর্মীরা পরিশোধ করবেন।.
.
সোমবার (২৭এপ্রিল) বিকালে অর্ধশতাধিক কর্মীর মাঝে প্রিমিয়াম হস্তান্তরের মাধ্যমে এ বীমার কার্যক্রমের উদ্বোধন করা হয়। .
.
এসময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, প্রধান প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুল প্রমুখ।.
.
পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, আমাদের বেতন কম, জীবনের নিরাপত্তা নেই। ভবিষ্যৎ নিয়ে ভাবনা নেই। আজ পৌরসভা আমাদের জন্য যে উদ্যোগ নিয়েছে তা আমাদের ভবিষ্যৎ সম্পদ। যা আমাদের ছেলে-মেয়েরা ভোগ করতে পারবে। আমার পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।.
.
পৌর প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা এটির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। তাদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে। তারা যে বেতন পায় তা খুবই নগন্য। চাকুরী শেষে কিছুই পান না। তাদের ভবিষ্যৎ কি তা নিয়েও তারা চিন্তিত। তাদের কথা চিন্তা করে আমরা তাদের জন্য আবাসনের ব্যবস্থা করেছি। যা অচিরেই বাস্তবায়ন হবে। অন্যদিকে আমরা তাদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে অর্ধশতাধিক কর্মীকে জীবন বীমার আওতায় এনেছি। তারা তাদের বেতনের সামান্য অংশ জমা দিবেন, যার মধ্যে পৌরসভা থেকে অর্ধেক দেওয়া হবে। তাদের সামান্য সামান্য টাকা একসময় বড় একটি অঙ্ক হবে এবং যা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে আসবে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: