
আন্তর্জাতিক ডেস্ক | ডে-নাইট নিউজ ভারতের কর্ণাটক রাজ্যে মায়ের বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে ওই মায়ের বিরুদ্ধে। প্রেমিক ও তার চার বন্ধুকে সঙ্গে নিয়ে ছেলেকে শ্বাসরোধে হত্যার পরিকল্পনা করেন তিনি—এমনটাই দাবি পুলিশের। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে রাজ্যের বেলাগাভি জেলায়।
নিহত যুবকের নাম বিজয় নারায়ণ। তিনি বেঙ্গালুরুর আরটি নগরের বাসিন্দা। তার মা মীনা নারায়ণ একটি বিউটি পার্লারে ম্যানেজার হিসেবে কাজ করতেন। ওই পার্লারে মহারাষ্ট্রের বাসিন্দা রাকেশ জামুনিকে গাড়িচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি। সেখান থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মায়ের সঙ্গে রাকেশের সম্পর্কের বিষয়টি জানতে পেরে আপত্তি জানান বিজয়। ছেলের আপত্তি সত্ত্বেও মীনা ও রাকেশ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। একপর্যায়ে বিজয়কে নিজেদের সম্পর্কের পথে বাধা মনে করে তাকে হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগ উঠেছে।
তদন্তসংশ্লিষ্টদের দাবি, পরিকল্পনা অনুযায়ী কর্ণাটক রাজ্যোৎসব দেখানোর কথা বলে বিজয়কে বেঙ্গালুরু থেকে বেলাগাভিতে নিয়ে যাওয়া হয়। রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবছর ১ নভেম্বর কর্ণাটকজুড়ে এ উৎসব উদ্যাপন করা হয়।
পুলিশের দাবি, হত্যার পরিকল্পনা বাস্তবায়নে মীনা ও রাকেশের সঙ্গে যুক্ত হন রাকেশের চার বন্ধু—শচীন, মনোজ, তামান্না ও একনাথ। অভিযোগ অনুযায়ী, মোট ছয়জন মিলে বিজয়কে হত্যার ষড়যন্ত্র করেন।
অভিযোগে বলা হয়েছে, কর্ণাটকের জাতীয় পতাকা ব্যবহার করে শ্বাসরোধে বিজয়কে হত্যা করা হয়। পরে তার মরদেহ একটি মহাসড়কের পাশের নির্জন স্থানে ফেলে রাখা হয়। গত ১ নভেম্বর, রাজ্যোৎসবের দিন ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুরুতে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা পুলিশের জন্য কঠিন হয়ে পড়ে। তবে নিহতের মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। ফোনে যোগাযোগের তথ্য পর্যালোচনা করে হত্যার আগে ও পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখেন তদন্তকারীরা। এর সূত্র ধরেই কথিত ষড়যন্ত্রে মায়ের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে।
এ ঘটনায় নিহতের মা মীনা নারায়ণ, তার প্রেমিক রাকেশ জামুনি এবং রাকেশের চার বন্ধু শচীন, মনোজ, তামান্না ও একনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি বেঙ্গালুরুসহ কর্ণাটকজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশের তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নিহতের মোবাইল ফোনের কল রেকর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সূত্র: এনডিটিভি
ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে