প্রিন্ট এর তারিখঃ Nov 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2026 ইং
নতুন চালানে পুরোনো বীজ আলু, আক্কেলপুরে ব্র্যাকের বীজ বিক্রি বন্ধের নির্দেশ

জয়পুরহাট প্রতিনিধি নতুন মৌসুমের বীজ আলুর চালানের সঙ্গে গত বছরের পুরোনো বীজ আলু গছিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের বিরুদ্ধে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ব্র্যাকের ডায়মন্ড জাতের বীজ আলু কিনে এমন প্রতারণার শিকার হয়েছেন কৃষকেরা। অভিযোগ পেয়ে দুটি দোকানে অভিযান চালিয়ে গত বছরের প্রত্যয়নপত্রযুক্ত (ট্যাগ) ১৫১ বস্তা বীজ আলু পেয়েছে উপজেলা কৃষি বিভাগ। এরপর ওই দোকান দুটিতে ব্র্যাকের সব ধরনের বীজ আলু বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া বাজারের আলিফ ট্রেডার্স থেকে ব্র্যাকের ২২ বস্তা বীজ আলু কেনেন কৃষক এনামুল হক। বাড়িতে নেওয়ার পর বস্তা খুললে বীজের ধরনে ভিন্নতা দেখতে পান তিনি। খেয়াল করে দেখেন, কয়েকটি বস্তায় ২০২৫ সালের প্রত্যয়নপত্র লাগানো। পরে বিষয়টি দোকানমালিককে জানিয়ে সব বস্তা ফেরত দেন ওই কৃষক।
খবর পেয়ে আলিফ ট্রেডার্স পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পান তিনি।
দোকানমালিক আবদুল খালেক জানান, বীজ আলুগুলো তিনি পাশের দিয়ল বাজারের মামুন ট্রেডার্স থেকে কিনেছেন। পরে মামুন ট্রেডার্সে গিয়েও ২০২৬ সালের প্রত্যয়নপত্রযুক্ত বীজের বস্তার সঙ্গে ২০২৫ সালের প্রত্যয়নপত্রযুক্ত পুরোনো বীজ আলু পাওয়া যায়।
মামুন ট্রেডার্সের মালিক জানান, তিনি ক্ষেতলাল উপজেলার মেসার্স ফারদিন ট্রেডার্স থেকে বীজগুলো কিনেছেন।
এ বিষয়ে জানতে মেসার্স ফারদিন ট্রেডার্সের দেওয়া ক্যাশ মেমোর মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কোম্পানি থেকে বীজগুলো এভাবেই পাঠানো হয়েছে।
বীজের বস্তায় থাকা প্রত্যয়নপত্র পর্যালোচনা করে দেখা যায়, ২০২৫ ও ২০২৬ সালে ইস্যু করা দুটি প্রত্যয়নপত্রেই বৈধতার মেয়াদ ‘চলতি মৌসুম’ উল্লেখ করা রয়েছে।
প্রতারণার শিকার কৃষক এনামুল হক বলেন, ‘কয়েক বছর ধরে আলু চাষ করে লোকসান হচ্ছে। এর মধ্যে কোম্পানি আবার আমাদের সঙ্গে প্রতারণা করছে। বাজারে কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি আশা করছি, যাতে আমাদের মতো সাধারণ কৃষকেরা ক্ষতিগ্রস্ত না হন।’
জয়পুরহাট সদর এলাকার আলুচাষি রবিউল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ব্র্যাক বীজ ব্যবসার আড়ালে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছে। গত বছর এই এলাকার শত শত বিঘা জমিতে ব্র্যাকের বীজ আলু রোপণ করে চারা গজায়নি। এতে কৃষকেরা নিঃস্ব হয়েছেন। এবারও আলুর চাহিদাকে পুঁজি করে গোপনে পুরোনো বীজ কৃষকদের গছিয়ে দেওয়া হচ্ছে। আমরা ভুক্তভোগী কৃষকেরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।’
এ বিষয়ে ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের কর্মকর্তা নাজমুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুলবশত গত বছরের বীজ আলুগুলো বাজারে চলে এসেছে। কোম্পানির পক্ষ থেকে সেগুলো দ্রুত ফিরিয়ে নেওয়া হবে।
আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা বলেন, দুটি দোকানে গত বছরের প্রত্যয়নপত্রযুক্ত ১৫১ বস্তা বীজ আলু পাওয়া গেছে। এ ঘটনায় দোকানমালিকদের লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। পাশাপাশি ওই দুই দোকানে ব্র্যাক সীডের সব ধরনের বীজ আলু বিক্রি বন্ধ রাখতে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। বীজের গুণগত মান যাচাইয়ের জন্য দুই বস্তা বীজ আলু সংগ্রহ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ