
জয়পুরহাট প্রতিনিধি : জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে রাজশাহী বিভাগের মধ্যে উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে জয়পুরহাটের কালাই উপজেলা। অক্টোবর মাসের কার্যক্রমে ১০৫ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করে এই সাফল্য পেয়েছে উপজেলাটি।
আজ মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জয়পুরহাট জেলা প্রশাসকের মাধ্যমে কালাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদকে এ অর্জনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এ বিষয়ে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাগরিক সেবা। শিশুর জন্মের পরপরই জন্মনিবন্ধন এবং কারও মৃত্যুর পর মৃত্যুনিবন্ধন নিশ্চিত করতে হবে। অনেক সময় মৃত্যুনিবন্ধন না থাকায় ওয়ারিশেরা পৈতৃক সম্পত্তির অধিকার পেতে আইনি জটিলতায় পড়েন। তাই এ বিষয়ে কালাই উপজেলার সাধারণ মানুষকে নিবন্ধনের ক্ষেত্রে আরও সচেতন হতে হবে।’
উপজেলার এই অর্জনে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উপজেলা প্রশাসনের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। সেবা নিতে আসা উপজেলার মাত্রাই ইউনিয়নের বাসিন্দা আবদুর রহমান বলেন, ‘আগে একটা জন্মনিবন্ধন সংশোধন বা নতুন করতে অনেক দিন ঘুরতে হতো। কিন্তু এখন ইউনিয়ন পরিষদে গেলে দ্রুতই কাজ হয়ে যায়। ভোগান্তি অনেকটাই কমেছে।’
আরেক সেবাগ্রহীতা জিন্দারপুর ইউনিয়নের গৃহবধূ সালেহা বেগম বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর পর জমিজমার কাজের জন্য মৃত্যুনিবন্ধন লাগছিল। আবেদন করার পর কোনো ঝামেলা ছাড়াই কাগজ পেয়েছি। সেবা এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে।’
কালাই উপজেলা প্রশাসনের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম পাভেল। তিনি বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধনে মানুষের ভোগান্তি দীর্ঘদিনের। কিন্তু বর্তমান উপজেলা প্রশাসনের আন্তরিকতায় ও তদারকিতে সেই ভোগান্তি কমেছে, যার ফলশ্রুতিতে আজ এই অর্জন। গণমাধ্যমকর্মী হিসেবে আমরা এই সাফল্যকে সাধুবাদ জানাই।’
উপজেলা প্রশাসনের সেবার মান নিয়ে কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার বলেন, ‘এটি আমাদের কালাইবাসীর জন্য একটি বড় অর্জন। বর্তমান প্রশাসন সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে। আমরা আশা করি, উপজেলা প্রশাসন ভবিষ্যতেও সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে নাগরিক সেবা প্রদান অব্যাহত রাখবে।’