
অনলাইন ডেস্ক | ডে-নাইট নিউজ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। একই সঙ্গে তাঁর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তাঁকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ ছাড়া ৭ অনুচ্ছেদে নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিলের বিধান রয়েছে।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। চিফ প্রসিকিউটরের মতে, এ ধরনের অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের পর্যায়ে পড়ে। এ কারণে তাঁর পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্ট আইনের সংশ্লিষ্ট ধারাগুলো বিবেচনায় তাঁকে নতুন করে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই।
সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগের অধিকারের কথা থাকলেও দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক ব্যক্তির ক্ষেত্রে এই অধিকার প্রযোজ্য নয় বলে দাবি করেন তিনি।
চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি কার্যক্রম নেওয়া হয়েছে। এ বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের ই উপধারা অনুযায়ী, নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে যাওয়া বা পলাতক থাকা ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বারের ভারতীয় দূতাবাসে পাসপোর্টের আবেদন করার বিষয়ে আমিনুল ইসলাম বলেন, পাসপোর্টের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকেই আবেদন করতে হয়। শেখ হাসিনা নিজে কিংবা তাঁর দলের পক্ষ থেকে আবেদন করা হয়নি। আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বার। ওই চেম্বারের সঙ্গে শেখ হাসিনার আইনি চুক্তি রয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ স্বাধীনতার পর প্রণীত আইন। এই আইনের বিধান অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। তাঁর ভাষ্য, একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারিক প্রক্রিয়ার সঙ্গে অসংগতিপূর্ণ হবে।
শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প নেই—এমন মন্তব্যের ব্যাখ্যায় চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ২১ ধারার ৩ উপধারার কথা উল্লেখ করেন। তাঁর দাবি, ওই বিধান অনুযায়ী রায় প্রকাশের ৩০ দিন পার হলে আপিলের সুযোগ থাকে না।
তিনি বলেন, শেখ হাসিনা নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমে অংশ নেননি এবং রায় প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যেও আপিল করেননি। ফলে তাঁর আপিল করার আর কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি। এমনকি আপিল বিভাগে আপিল গ্রহণ না হলে সংবিধানের ১০৪ অনুচ্ছেদের অধীনেও আবেদন করার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।
ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে