প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের ক্ষেতলালে অভিযান চালিয়ে আশরাফ আলী আকন্দ ওরফে ‘আশরাফ ডাকাত’ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে। আজ সোমবার পুলিশি পাহারায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আশরাফ আলী উপজেলার বড়তারা কুঠিরপাড়া গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফের বিরুদ্ধে ক্ষেতলাল, জয়পুরহাট সদর, কালাই ও বগুড়া সদর থানায় ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি, চুরি, মাদক ও মারামারির অভিযোগে মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় আদালতে অভিযোগপত্রও দেওয়া হয়েছে।
সর্বশেষ গত শনিবার (৭ নভেম্বর) ক্ষেতলাল থানায় দায়ের হওয়া ডাকাতির প্রস্তুতি ও মাদকের একটি মামলায় তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে দেখানো হয়েছে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, আশরাফ আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ