প্রিন্ট এর তারিখঃ Nov 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
স্বৈরাচার ও ফ্যাসিবাদকে চিরতরে বিদায় করতে চাই: প্রতিমন্ত্রী আবদুল বারী

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের কালাইয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী।
কালাই বাসস্ট্যান্ড চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আবদুল বারী বলেন, ‘জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের লক্ষ্যে আমরা সংবিধান সংশোধনের কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে একটি জুলাই সনদ কমিটিও গঠন করা হয়েছে। ওই কমিটিতে বিরোধীদলীয় নেতাদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা এখন পর্যন্ত অংশ নেননি। আজকের এই দিনে আমরা আবারও তাঁদের আহ্বান জানাচ্ছি—আপনারা আসুন, আমাদের সঙ্গে বসুন। সংবিধান সংশোধনের মাধ্যমে এ দেশ থেকে স্বৈরাচার ও ফ্যাসিবাদকে চিরতরে বিদায় দিই।’
কালাইয়ের কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী জয়পুরহাট জেলা সদরে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে যোগ দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, কালাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ, ক্ষেতলালের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ