
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবদুস সবুর। তিনি জয়পুরহাট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ।
শুক্রবার রাত আটটার দিকে ইউনিয়নের বেগুনগ্রাম মোড় এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জিন্দারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শেখ মো. সাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জেন্ট মো. তোফাজ্জল হোসেন ও মাসুদ রানা।
বৈঠকে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সমর্থন চাইতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন আবদুস সবুর। তিনি মানুষের সুখ-দুঃখের কথা শোনার পাশাপাশি এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরছেন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে বিএনপির হয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। দলের জন্য কাজ করতে গিয়ে আমার নামে ১৮টি রাজনৈতিক মামলা হয়েছে। আমি এর আগেও দুবার চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলাম। আমার বিশ্বাস, দল এবার আমাকেই সমর্থন দেবে।’
নির্বাচিত হলে জিন্দারপুরকে একটি দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন আবদুস সবুর।
তিনি আরও বলেন, এলাকার অবহেলিত জনপদের উন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। ভোটে জয়ী হলে বেকার যুবকদের কর্মসংস্থান, নারীদের অগ্রাধিকার এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় উপস্থিত জনতা হাত তুলে তাঁর প্রতি সমর্থন জানান।
উঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালাই থানা জাসাসের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য তৌফিকুল ইসলাম, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য তাজমিনুর রহমান, সাবেক ইউপি সদস্য গাজিউল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম, উপজেলা যুবদলের সদস্য হাসান আলী প্রমুখ।