প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2026 ইং
শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার–ফেস্টুন সরালেন বিএনপি নেতা

জয়পুরহাট প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যমে নাগরিকদের সমালোচনার পর শহরের সৌন্দর্য রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী আবু রায়হান (উজ্জল প্রধান)।
শনিবার রাতে কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তার ল্যাম্পপোস্ট ও সড়ক বিভাজকে লাগানো নিজের সব প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন নিজ হাতেই অপসারণ করেছেন তিনি।
সম্প্রতি শহরের বিভিন্ন মোড় ও ল্যাম্পপোস্টে যত্রতত্র রাজনৈতিক ব্যানার-ফেস্টুন লাগানোর বিষয়ে ফেসবুকে সমালোচনা করেন স্থানীয়রা। বিষয়টি নজরে এলে প্রশাসনের বা অন্যের সমালোচনার অপেক্ষায় না থেকে আবু রায়হান নিজেই সেগুলো সরানোর সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘জয়পুরহাট শহর আমাদের সবার। এর পরিচ্ছন্নতা বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। শুধু পরিচ্ছন্ন শহরের প্রত্যাশা করলেই হবে না, নিজের জায়গা থেকেও দায়িত্ব পালন করতে হবে।’ রাজনৈতিক প্রচারণায় যেন শহরের সৌন্দর্য নষ্ট না হয়, সেদিকে সবারই খেয়াল রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
একজন রাজনৈতিক নেতার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলছেন, রাজনৈতিক প্রচার-প্রচারণার কারণে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়। সে ক্ষেত্রে নিজের প্রচারসামগ্রী নিজেই সরিয়ে নেওয়ার এই পদক্ষেপ অন্যান্য রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের জন্যও একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে।
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ